বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে আবারও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামুদ্রিক মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহিনী।
বুধবার (২৫ নভেম্বর) আইআরজিসি নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

ইরানি নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালির দক্ষিণ ও পূর্ব উপকূলে ট্যাংকার দুটি মাইনের আঘাতে বিস্ফোরণের শিকার হয়। জাহাজ দুটি নিজেদের নেভিগেশন ও পজিশনিং সিস্টেম বন্ধ রেখে অননুমোদিত একটি রুট দিয়ে গোপনে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

এ ঘটনার পর হরমুজ প্রণালির ট্রাফিক কন্ট্রোল সেন্টার সব জাহাজের নাবিকদের সতর্ক করেছে। বিশেষ করে নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচল না করার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, সামুদ্রিক মাইনের ঝুঁকি এড়াতে নির্ধারিত নৌপথ ও নির্দেশনা মেনে চলা জরুরি। মার্কিন কর্তৃপক্ষের আশ্বাসও এসব মাইনের ঝুঁকি থেকে জাহাজগুলোকে রক্ষা করতে পারবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। এর আগে এই প্রণালিতে মাইন বিস্ফোরণে একাধিক তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

সর্বশেষ এই ঘটনায় জাহাজ চলাচলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ট্যাংকার দুটির ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।