বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে বেশ কিছুক্ষণ সাইকেল চালান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা নতুন বাইসাইকেলগুলো পরিদর্শন করতে যান প্রধানমন্ত্রী। এ সময় সাইকেলগুলো যাচাই করার পাশাপাশি নিজেও একটি চালিয়ে দেখেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩ লাখ ছাত্রী এই উদ্যোগের আওতায় আসবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেয়েদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং শিক্ষাক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

সাইকেল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শিক্ষার্থীদের জন্য নেওয়া এই উদ্যোগের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিজে সাইকেল চালিয়ে পরীক্ষা করে দেখার বিষয়টিও আলোচনায় এসেছে।