ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নাগরিক স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার ব্যবস্থা দুর্বল হয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে নির্বাহী বিভাগের ক্ষমতা আরও কেন্দ্রীভূত করার ফলে ভারতে আইনের শাসন ও গণতান্ত্রিক জবাবদিহির ওপর চাপ তৈরি হয়েছে।
‘সো হোয়াটস দিস ডেমোক্রেসি উই আর টকিং অ্যাবাউট?’: মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শিরোনামের ৯৫ পৃষ্ঠার প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে। সাক্ষাৎকারদাতাদের মধ্যে রয়েছেন আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, বিচারক ও সাবেক সরকারি কর্মকর্তা।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার সংসদীয় রীতিনীতি উপেক্ষা করছে, বিরোধী রাজনৈতিক শক্তির ওপর চাপ সৃষ্টি করছে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, লোকপাল ও জাতীয় মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসনের দাবি, গত এক দশকে ভারতের স্বাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠান নির্বাহী ক্ষমতার ওপর ভারসাম্য বজায় রাখা এবং নাগরিক অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিবেদনে অর্থ বিল ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিরোধী দলগুলোর আপত্তি পাশ কাটিয়ে গুরুত্বপূর্ণ আইন পাসের অভিযোগ করেছে সংস্থাটি। একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্ত কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
এইচআরডব্লিউর তথ্য অনুযায়ী, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইডি ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অধিকাংশই বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ভোটার তালিকা সংশোধন, বিচার বিভাগের ভূমিকা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদনের শেষাংশে ভারতের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্য, নিরাপত্তা আলোচনা ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কার্যক্রমে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তুলে ধরার জন্য।

মন্তব্য করুন