ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চণ্ডীপুরের পরীক্ষাকেন্দ্র ছাড়াও পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে জাপানের নির্মাণাধীন দুটি অত্যাধুনিক পরীক্ষাকেন্দ্রে প্রবেশাধিকার দেওয়ার বিষয়েও আগ্রহী নয়াদিল্লি।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি জাপানের সঙ্গে যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনাও বিবেচনা করছে দেশটি। প্রাথমিক পর্যায়ে জাপানের মোগামি সিরিজের মাল্টি-মিশন স্টেলথ ফ্রিগেট যৌথভাবে তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া জাপানকে ভারতের শিপইয়ার্ড ও রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যবহারের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। এর মাধ্যমে ভারতে উৎপাদন এবং সেখান থেকে বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইন্দো-প্রশান্ত অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে ভারত ও জাপান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণে জাপানের আগ্রহ বাড়ছে।
সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জাপানের একটি সরকারি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ‘টু প্লাস টু ডায়ালগ’ নামে পরিচিত ওই বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন