মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে আলমগীর দেওয়ান নামে আরও একজন নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ শুরু হয়।
সংঘর্ষে গুরুতর আহত হন সেলিম। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে মেঘনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন আলমগীর দেওয়ান। তবে মাঝ নদীতে গিয়ে তিনি নিখোঁজ হন। তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মন্তব্য করুন