ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকদের একটি অংশ। কর্মবিরতি পালন করে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
এ ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
শ্রমিক অসন্তোষের আশঙ্কায় জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি বিবেচনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ও পল্লী বিদ্যুৎসহ আশপাশের এলাকার আটটি কারখানা বৃহস্পতিবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, ভবানীপুর, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকার কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, অন্যান্য দিনের তুলনায় জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় কারখানা চালু আছে এবং শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

মন্তব্য করুন