রোববার (২৯ নভেম্বর) তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে এমন অবস্থানের কথা জানা যায়। চলতি মাসে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক। গত ২৭ অক্টোবরের অমীমাংসিত নির্বাচনের পর সরকার গঠন নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছিল।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দুই নেতা জানান, আলোচনায় তাদের মধ্যকার উল্লেখযোগ্য মতপার্থক্য দূর করার চেষ্টা হয়েছে। তবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, ভবিষ্যতে তাদের মধ্যে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
চ্যানেলটির প্রতিবেদন অনুযায়ী, আইজেনকট নেতানিয়াহুকে জানিয়েছেন, তিনি ইতোমধ্যে জোটের সম্ভাব্য শরিকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠনের পর নেতানিয়াহু চাইলে তাতে যোগ দিতে পারবেন। আইজেনকটের মুখপাত্রও এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার নেতানিয়াহু জানিয়েছিলেন, আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠিত হলে তিনি সাময়িকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত। এমনকি দুই দলের মধ্যে পর্যায়ক্রমে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবও দিয়েছিলেন তিনি।
নির্বাচনের পর সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট। এ জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে তার হাতে। প্রয়োজনে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
গত সপ্তাহে বামপন্থী ডেমোক্র্যাটস এবং ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোটগত চুক্তি করেছেন আইজেনকট। নির্বাচনে আইজেনকট ও তার সম্ভাব্য মিত্ররা ১২০ আসনের নেসেটে মোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ এবং অতি-ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন।
তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোনোটিরই নেই। ফলে অতি-রক্ষণশীল ইহুদি ও আরব দলগুলোর সমর্থন নিয়ে নেতানিয়াহুকে বাদ দিয়েই সরকার গঠনের চেষ্টা করতে পারেন আইজেনকট।
এদিকে ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান বলেছেন, ইসরায়েলের জনগণ আইজেনকটের পাশে রয়েছে। তার মতে, দেশে প্রকৃত পরিবর্তন আনতে পারে এমন একটি সরকার গঠনের সময় এসেছে।

মন্তব্য করুন