স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি হিসেবে আখ্যায়িত করা যায় না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ঋণখেলাপি বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে এবং দলীয় মনোনয়ন পেতে অযোগ্য। ফলে যারা বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন, তারা ঋণখেলাপি নন।

তিনি আরও বলেন, কারও ব্যবসায়িক বা ব্যক্তিগত কারণে ঋণ বা আর্থিক দায় থাকলেই তাকে ঋণখেলাপি বলা যায় না। ঋণগ্রস্ত হওয়া এবং ঋণখেলাপি হওয়া দুটি আলাদা বিষয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক-সংক্রান্ত জটিলতা থাকলেও পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় তা নিষ্পত্তি হলে তাকে আর ঋণখেলাপি হিসেবে গণ্য করা যায় না।

তিনি সংসদ সদস্যদের বিষয়ে এমন শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষেত্রে সঠিক আইনি ব্যাখ্যা ছাড়া এ ধরনের অভিযোগ করা উচিত নয়।