কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, কাতারে বাংলাদেশ দূতাবাসের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতরা সবাই একটি স্থানীয় বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ রয়েছেন।

দুর্ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি জানতে কাতারে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে।