ঢাকা
১৬ আগস্ট ২০২৬

পড়ার টেবিলে ফিরুন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
পড়ার টেবিলে ফিরুন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

ছবি: -সংগৃহীত

চলমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতায় আন্দোলনরত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যেসব কেন্দ্রে অনিয়ম বা সমস্যার কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, চলমান বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকারও উদ্বিগ্ন ছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিস্থিতির অবনতি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে।

তিনি জানান, পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রে পানি প্রবেশের খবর পাওয়া মাত্র স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এমন ব্যবস্থা গ্রহণ করে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যদি প্রশাসনের গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারে বা ক্ষতির শিকার হয়, তাহলে তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে অন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, তাদের কোনো অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকার ও প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031