https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে কোনো সুযোগই দিল না স্পেন। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল উপহার দিয়ে ২-০ গোলের জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লা রোজা।
মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবালের গোল এবং দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর দুর্দান্ত এক গোলেই জয় নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। এর মধ্য দিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। নবম মিনিটে দানি ওলমোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের আদ্রিয়েন রাবিও। এরপর একের পর এক আক্রমণে ফরাসি রক্ষণকে ব্যস্ত রাখে স্প্যানিশরা।
ম্যাচের ২১তম মিনিটে লামিনে ইয়ামালকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ২৩তম মিনিটে স্পট-কিক থেকে জোরালো শটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল।
গোল হজমের পরও ঘুরে দাঁড়াতে পারেনি ফ্রান্স। উল্টো ৩১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তাদের অন্যতম ভরসা সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবা, যা দলটির রক্ষণে আরও দুর্বলতা তৈরি করে।
প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ানোর আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্পেন। তবে সেগুলো কাজে লাগাতে না পারায় ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্পেন। ৫৮তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বক্সে ঢুকে শক্তিশালী শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডান-ব্যাক পেদ্রো পোরো।
চার মিনিট পর লামিনে ইয়ামাল বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
দুই গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম একের পর এক পরিবর্তন আনলেও তাতে কোনো লাভ হয়নি। এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন তিনি। বরং ম্যাচের শেষদিকে হতাশা থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফরাসি অধিনায়ক।
শেষ মুহূর্তে ওসমান দেম্বেলে ও এমবাপ্পে কয়েকটি সুযোগ পেলেও সেগুলো দারুণ দক্ষতায় সামাল দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন।
শেষ পর্যন্ত ২-০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে লা রোজার প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।