https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।
শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশ সম্প্রতি ভারতে দুজন নতুন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে, যাদের অতীতের সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট নিয়ে আলোচনা রয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক জোরদারে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।
ব্রিফিংয়ে আরও জানতে চাওয়া হয়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সম্ভাব্য সফর সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ সফর সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক কিছুটা স্থবির হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক আবারও এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে ভারত।