এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, বুধবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। আগের দিন মঙ্গলবার এই দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে কমেছে ২ হাজার ৮৫৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া গয়না বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন নির্ধারিত দাম কার্যকর থাকবে।