নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

এর অংশ হিসেবে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সহিংসতা প্রতিরোধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় ঢাকা ও ছয় জেলাসহ বিভিন্ন এলাকায় বিজিবির ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। অন্যান্য জেলার মধ্যে রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

গত ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত থানা, হাসপাতাল, পরিবহন সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখাসহ বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনার পর এ নিরাপত্তা জোরদার করা হয়েছে।