https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শুটিংয়ের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল। দৌড়ানোর একটি দৃশ্যে অভিনয় করার সময় অসাবধানতাবশত নিজের নাকের নোলক গিলে ফেলেন তিনি। ঘটনার পর সেটের দৃশ্যের একটি পর্দার পেছনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে শেহনাজ জানান, অনেক ভক্ত তাকে নোলক খুলে মুখে চলে যাওয়ার মুহূর্তটি শেয়ার করতে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধেই ঘটনার ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে দৌড়ে আসার সময় হঠাৎ শেহনাজের নাকের নোলক খুলে মুখের ভেতর চলে যায়। সঙ্গে সঙ্গে তিনি কাশতে শুরু করেন। পরিস্থিতি বুঝতে পেরে পাশে থাকা সহশিল্পী সৌরভ সচদেব দ্রুত এগিয়ে এসে তার পিঠে চাপড় দিয়ে তাকে সামলানোর চেষ্টা করেন।
ভিডিওটি প্রকাশের পর শেহনাজের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকে কাজের প্রতি তার নিষ্ঠার প্রশংসা করলেও একই সঙ্গে নিজের স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।
এক ভক্ত মন্তব্য করেন, কাজের প্রতি তার ভালোবাসা সবাই বোঝেন, তবে নিজের যত্ন নেওয়াও জরুরি। আরেকজন শেহনাজকে শক্তিশালী নারী উল্লেখ করে তার সুস্থতা কামনা করেন।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে শেহনাজের আসন্ন পাঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’র সেটে। অরবিন্দর খায়রা পরিচালিত পিরিয়ড রোম্যান্টিক ড্রামা ঘরানার সিনেমাটিতে ভারতীয় পাঞ্জাবের এক শিখ তরুণ ও পাকিস্তানি পাঞ্জাবের এক মুসলিম তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।
তবে নাকফুল গিলে ফেলার ঘটনার পর শেহনাজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।