https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে এবার দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার ১৩ আগস্ট সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম বেড়েছে ১ হাজার ৩৪২ টাকা। এখন এই মানের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা।
এদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
সোনার দাম বাড়ানোর ক্ষেত্রে ভরিপ্রতি ওজন ধরা হয়েছে ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
এর মাত্র দুদিন আগেই সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ১১ আগস্ট সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ দুই দিনের ব্যবধানেই সবচেয়ে ভালো মানের সোনার ভরিতে আরও ১ হাজার ৬৩৩ টাকা যোগ হলো।
১১ আগস্ট নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছিল ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামে অবশ্য কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম আগের মতোই ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা নির্ধারিত রয়েছে।
অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ায় নতুন করে চাপ তৈরি হয়েছে ক্রেতাদের ওপর। বিশেষ করে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য যারা সোনার গহনা কেনার প্রস্তুতি নিচ্ছেন, তাদের আগের তুলনায় আরও বেশি অর্থ খরচ করতে হবে।