ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী আমানসহ ৪ মুখ শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ফের ৬.৪ মাত্রার কম্পন

দোয়েল-নিশাতের ‘বিহান’ মুক্তি পেল ফেসবুকে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
দোয়েল-নিশাতের ‘বিহান’ মুক্তি পেল ফেসবুকে

ছবি: -সংগৃহীত

নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে গেলেও নেতৃত্বের পথে তাদের এখনও নানা দৃশ্যমান ও অদৃশ্য বাধার মুখোমুখি হতে হয়। পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের প্রত্যাশার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা দুই কর্মজীবী নারীর সেই বাস্তবতাই উঠে এসেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’-এ। চলচ্চিত্রটি ফেসবুকে মুক্তি পেয়েছে।

অক্সফাম ইন বাংলাদেশের ‘রাইজ অ্যান্ড লিড’ উদ্যোগের ভাবনা থেকে নির্মিত ‘বিহান’ পরিচালনা করেছেন হেমন্ত সাদীক। এতে কেন্দ্রীয় দুই চরিত্র শিউলি ও রাখির ভূমিকায় অভিনয় করেছেন দিলরুবা দোয়েল ও নিশাত প্রিয়ম।

চলচ্চিত্রের গল্পে দেখা যায়, পেশাজীবনে এগিয়ে যেতে গিয়ে শিউলি ও রাখিকে নানা চাপ ও সামাজিক প্রত্যাশার মুখোমুখি হতে হয়। পরিবার ও কর্মক্ষেত্রে যত্নের অসম দায়িত্ব, আচরণ নিয়ে সামাজিক প্রত্যাশা এবং নিজের সক্ষমতা নিয়ে তৈরি হওয়া সংশয় তাদের সিদ্ধান্ত ও নেতৃত্বের আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে।

তবে ‘বিহান’ কেবল নারীর বাধার গল্প নয়। নিজের কণ্ঠ ও সক্ষমতাকে নতুন করে চিনতে শুরু করলে একজন নারীর সামনে কীভাবে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়, সেই দিকটিও তুলে ধরা হয়েছে।

পরিচালক হেমন্ত সাদীক বলেন, নারীর ক্ষমতায়নের গল্পকে বড় কোনো বক্তৃতা বা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে দেখাতে চাননি তারা। বরং নারীদের প্রতিদিনের পরিচিত সংগ্রামকেই গল্পের কেন্দ্রে রাখা হয়েছে। তার মতে, এই সাধারণ সংগ্রামগুলোই গুরুত্বপূর্ণ, কারণ নেতৃত্বের শুরু অনেক সময় নিজেকে চিনতে শেখার মধ্য দিয়েও হয়।

চলচ্চিত্রে পরিচিত মধ্যবিত্ত শহুরে পরিবেশ ও স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে গল্প বলা হয়েছে। আত্ম-অন্বেষণের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে আয়না ও প্রতিবিম্ব। আর শেষ দৃশ্যের সবুজ ট্রাফিক সংকেত সামনে এগিয়ে যাওয়ার প্রতীক হয়ে উঠেছে।

নিশাত প্রিয়মের ভাষ্যেও ‘বিহান’-এর দুই নারী চরিত্র অত্যন্ত পরিচিত। তারা দক্ষ ও দায়িত্বশীল হলেও পরিবার, কর্মক্ষেত্র এবং নিজেদের ভেতরের নানা প্রত্যাশার সঙ্গে প্রতিনিয়ত বোঝাপড়া করতে হয়।

অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা বলেন, শুধু নারীদের আত্মবিশ্বাসী বা উচ্চাকাঙ্ক্ষী হতে বললেই নেতৃত্ব নিশ্চিত হবে না। পরিবার, কর্মক্ষেত্র ও প্রতিষ্ঠানেও পরিবর্তন প্রয়োজন। নারীর সক্ষমতার স্বীকৃতি, যত্নের দায়িত্বে সমতা, সমান সুযোগ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।

মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে নির্মিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শাওন কড়ি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী আশরাফ, নাজমুল হাসান, আদনান চৌধুরী, প্রিয়ন্ময়ী প্রিয় ও সায়ান রহমান।

‘বিহান’ ১৪ আগস্ট রাত ৮টায় অক্সফাম ইন বাংলাদেশের ফেসবুক পেজে মুক্তি পেয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031