ঢাকা
১৫ আগস্ট ২০২৬

২১৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
২১৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

ছবি: -সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দৃঢ় জুটিতে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৯ রানে।

লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪১৭ রান। মিরাজ ৬৫ ও তাসকিন ১২ রানে অপরাজিত আছেন।

এর আগে ১২৬তম ওভারের পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি পূর্ণ করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশের ঘর পেরোন তিনি। মিরাজের ফিফটিতে ড্রেসিংরুম থেকে সতীর্থরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

দিনের খেলা শুরু করেছিলেন ৩২ রানে। ১১৭ বল মোকাবিলা করে ৫টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই অলরাউন্ডার। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের দাপট ধরে রেখেছেন তিনিই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে।

১২৯তম ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের বাউন্সারে ব্যাটের কানায় লেগে চার হয় তাসকিনের। ওই বাউন্ডারিতে বাংলাদেশের সংগ্রহ ৪০০ ছাড়িয়ে যায় এবং লিডও পেরিয়ে যায় ২০০ রান।

পরের বলেই তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। ক্যাচটি নিতে পারলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারতেন অস্ট্রেলিয়ার এই তারকা।

৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনের প্রথম ঘণ্টার মধ্যেই হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেও মিরাজ-তাসকিনের দৃঢ়তায় লিড আরও বড় করেছে বাংলাদেশ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031