https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলা ব্যান্ড সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর গান এবার নতুন সংগীতায়োজনে গাইবেন ২০ শিল্পী। আগামীকাল ১৬ আগস্ট তার জন্মদিন উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’।
আইয়ুব বাচ্চুর গায়কির পাশাপাশি গিটারের জাদুও তাকে এনে দিয়েছিল আলাদা পরিচিতি। আশির দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার সৃষ্টি মুগ্ধ করেছে একাধিক প্রজন্মের শ্রোতাকে। সেই অমর গানগুলোই নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুন করে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজনটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ভাবনা থেকেই ২০টি গান নতুন করে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের এই উদ্যোগের পাশাপাশি শিল্পীর ব্যবহৃত গিটার, পোশাকসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘উত্তরাধিকার’ অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশ হবে। ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও অ্যালবামটি পাওয়া যাবে।
অ্যালবামে ব্যান্ডগুলোর মধ্যে গান করেছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল।
একক শিল্পীদের মধ্যে আইয়ুব বাচ্চুর গান গেয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।
আয়োজকরা জানিয়েছেন, ‘উত্তরাধিকার’ অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ তৈরির তহবিলে। এর মাধ্যমে শিল্পীর স্মৃতিচিহ্ন সংরক্ষণের পাশাপাশি তার সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজও এগিয়ে নেওয়া হবে।
২০ শিল্পীর নতুন সংগীতায়োজনে আইয়ুব বাচ্চুর গান প্রকাশের এই উদ্যোগকে শুধু জন্মদিনের আয়োজন নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে তার সংগীতের উত্তরাধিকার ছড়িয়ে দেওয়ার প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।