https://timenewsbangla.com

কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর অপব্যবহার রোধে কার্যকর নীতি ও জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে তথ্যের সততা ও সামাজিক সংহতি’ বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নরওয়ে সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এ সংলাপের আয়োজন করে।
মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির আশীর্বাদ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারলে এটি মানবসভ্যতার জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ও প্ল্যাটফর্মগুলো মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত হয়। ফলে এর সুযোগ ও ঝুঁকি চিহ্নিত করে জনকল্যাণমুখী ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে কার্যকর নীতি প্রয়োজন।
এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, অনেক পেশাজীবী ও তরুণ নিজস্ব উদ্ভাবনী ক্ষমতার পরিবর্তে এআইয়ের ওপর বেশি নির্ভর করছেন। এতে কাজের মৌলিকত্ব ও সততা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। প্রযুক্তির পাশাপাশি মানুষের অভিজ্ঞতা ও বিচারবোধকে কাজে লাগিয়ে নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, প্রচলিত গণমাধ্যম দ্রুত ডিজিটাল ও বহুমাধ্যমভিত্তিক ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। এ পরিবর্তনের সময়ে গণমাধ্যম, রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ ও মান নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে অপতথ্য প্রতিরোধ ও ডিজিটাল পরিবেশকে জনকল্যাণমুখী করতে আন্তর্জাতিক ফোরাম ও জাতিসংঘের সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।