https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার ও সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
শুক্রবার সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (ব্র্যাক সিডিএম) ‘উপাচার্যদের সংলাপ: উচ্চশিক্ষার ভবিষ্যৎ গড়ে তোলা’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এ সংলাপের আয়োজন করে।
ড. মাহ্দী আমিন বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ইনোভেশন ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকারি অনুদান ও অর্থায়নের মাধ্যমে সফল স্টার্টআপে রূপ দেওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় শিল্পাঞ্চল, হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চল থাকলেও স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সেগুলোর কার্যকর সংযোগ এখনো গড়ে ওঠেনি। এই বিচ্ছিন্নতা দূর করে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সমন্বিত সহযোগিতার কাঠামো তৈরি করতে চায় সরকার।
উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের লাইসেন্সিংসহ বিভিন্ন প্রশাসনিক জটিলতা দূর করতে নীতিগত সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ বাড়াতেও সরকার সক্রিয় ভূমিকা রাখবে।
গবেষণার ক্ষেত্রে আগামী অর্থবছরে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আশা প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রবেশাধিকার, আধুনিক গবেষণাগার এবং গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিদেশে কর্মরত বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও ফেলোশিপের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর ভাষায়, সরকারের লক্ষ্য ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তর করা।
তিনি আরও বলেন, সামার স্কুল, সহজতর ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নমনীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মাহ্দী আমিন বলেন, সংলাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উচ্চশিক্ষার প্রতিবন্ধকতা ও মানোন্নয়নের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে গ্র্যাজুয়েটরা দক্ষ পেশাজীবী হওয়ার পাশাপাশি নীতি, আদর্শ ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিক্ষা সচিব আব্দুল খালেক, ইউজিসি চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ সংলাপে দেশের প্রায় ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিনির্ধারক, দেশি-বিদেশি শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।