ঢাকা
২১ আগস্ট ২০২৬

ব্যাঙের ছাতার মতো তৈরি হাসপাতালগুলো এখন সমস্যা : স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
ব্যাঙের ছাতার মতো তৈরি হাসপাতালগুলো এখন সমস্যা : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসকের অবহেলায় এক নারীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২১ আগস্ট) সকালে বহরপুরের বাঘুটিয়া গ্রামে নিহত কনিকা রানী মন্ডলের বাড়িতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশের স্বাস্থ্যসেবা নিম্নস্তরে নেমে গেছে। এত বছরের অব্যবস্থাপনা এক-দুই মাসে ঠিক করা সম্ভব নয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল তৈরি করা হয়েছে। এখন সেগুলোই স্বাস্থ্য খাতে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনে তৈরি হওয়া এসব সমস্যা সমাধানে সময় প্রয়োজন বলেও জানান তিনি।

কনিকা রানীর মৃত্যুর বিষয়ে মন্ত্রী বলেন, ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের পর তার পেটের ভেতরে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের প্রায় ৫১ দিন পর তার মৃত্যু হয়েছে। বিষয়টি সরকারকে ব্যথিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনাটি তদন্তে রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারুক হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের জন্য ৫০ শয্যার এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এসব কেন্দ্র স্থাপনের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

গত ২৯ জুন অসুস্থ হয়ে ফরিদপুর শহরের ঝিলটুলি সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি হন কনিকা মন্ডল। ওই দিন সন্ধ্যায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। পরে পেটে তীব্র ব্যথা ও ফোলাভাব দেখা দিলেও চিকিৎসকের বিরুদ্ধে বিষয়টি এড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

পরবর্তীতে তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ থাকার বিষয়টি শনাক্ত করেন চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কনিকা মন্ডলের মৃত্যু হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031