https://timenewsbangla.com

সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার বাড়ছে। নতুন করে পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন।
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তাদের মধ্যে শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী, শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির বঙ্গভবনে পৌঁছেছেন বলে জানা গেছে।