https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি মির্জা ফখরুলের সফলভাবে মেয়াদ পূর্ণ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।
ভারতের রাষ্ট্রপতি বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সফল মেয়াদের ভিত্তি তৈরি করবে বলে তিনি আশাবাদী।
ভারত ও বাংলাদেশের সম্পর্কের কথা উল্লেখ করে মুর্মু বলেন, দুই দেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও উষ্ণ বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে।
দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদার করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি।
অভিনন্দন বার্তায় মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, সুখ ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান। পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।