ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার জন্য আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার জন্য আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে তদন্ত কমিটি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে ২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্টদের সাক্ষাৎকার, গণমাধ্যমের প্রতিবেদন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে কমিটি মনে করছে, বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সে সময়ের সরকার দায়ী।

তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এ সিদ্ধান্ত নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীর।

তদন্ত প্রতিবেদনে ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা, সাবেক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সাক্ষাৎকারদাতাদের মধ্যে ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বিসিবি সভাপতি তামিম ইকবাল।

এ ছাড়া বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকসহ সংশ্লিষ্ট আরও কয়েকজনের বক্তব্য নেওয়া হয়।

তবে আসিফ নজরুল ও তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930