https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। পরবর্তী ফিফা উইন্ডোর জন্য দল গুছাতে গিয়ে কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় একাধিক চমক থাকতে পারে।
সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে প্রীতি ম্যাচ সামনে রেখে সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন স্কালোনি। দলে ফিরতে পারেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, লিওনার্দো বালের্দি ও রোমার স্ট্রাইকার সান্তি কাস্ত্রো। রিভার প্লেটের কয়েকজন খেলোয়াড়কেও স্কোয়াডে রাখার পরিকল্পনা রয়েছে।
বিশ্বকাপজয়ী দলের দিবু মার্তিনেস ও রদ্রিগো দে পলকে দলে পাওয়ার সম্ভাবনা থাকলেও নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনাকে পাওয়া যাবে না। অবসরের কারণে থাকছেন না নিকোলাস ওতামেন্দি। এ পরিস্থিতিতে ক্রিস্টিয়ান রোমেরোকে দলের নতুন নেতা হিসেবে দেখা হচ্ছে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন লিওনেল মেসিকে ঘিরে। ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের পর আসন্ন ফিফা উইন্ডোতে তার খেলার সম্ভাবনা কম। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চায়, দেশের মাটিতে একটি বিদায়ী ম্যাচের মাধ্যমে মেসি জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিন।
এদিকে স্কালোনির নিজের ভবিষ্যৎও অনিশ্চিত। ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চালিয়ে যাওয়ার আশা করছে।