বিদ্যুতের চলমান সংকট মোকাবিলা, সরকারি অগ্রাধিকার প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত এবং সরকারি দপ্তরে সৌর প্যানেল স্থাপনের বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় নিজ নিজ জেলার প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করে বাস্তবায়নের সমস্যা চিহ্নিত করতে সচিবদের বলা হয়েছে। পাশাপাশি জনগণের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ সভায় ৬১ জন সচিব উপস্থিত ছিলেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, কাজের দক্ষতা বাড়ানো এবং সরকারি কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি জানান, চলমান সমস্যা মোকাবিলা এবং পরবর্তী দিনের করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।

অগ্রাধিকার প্রকল্পের বিষয়ে তিনি বলেন, প্রত্যেক সচিবকে নিজ নিজ জেলার দায়িত্বাধীন প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি মাঠপর্যায়ে পর্যালোচনা করতে হবে। জনগণের সঙ্গে কথা বলে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সভায় সরকারি অফিসগুলোতে সৌর প্যানেল স্থাপনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সরকারি কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিভিন্ন বিষয় এবং প্রশাসনিক সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর মঙ্গলবার প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়।