https://timenewsbangla.com

মৌসুমের শুরুতেই দুর্দান্ত ছন্দে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। গোল করা কিংবা সতীর্থদের দিয়ে গোল করানো—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি।
রোববার লেভান্তের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই জোড়া অ্যাসিস্ট করেন রাফিনিয়া। ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যে বার্সেলোনা দুই গোলের লিড নেয়, আর দুই গোলেই সরাসরি অবদান ছিল তার।
এই দুই অ্যাসিস্টের ফলে চলতি মৌসুমে লা লিগায় রাফিনিয়ার গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান দাঁড়ায় ৯টি। এর মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসিকে।
২০১৭ সালের পর বার্সেলোনার হয়ে লা লিগার কোনো মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে ৯টি গোল বা অ্যাসিস্টে অবদান রাখার কীর্তি এখন মেসি ও রাফিনিয়ার দখলে।
মৌসুমের শুরুতেই এমন ধারাবাহিক পারফরম্যান্স রাফিনিয়াকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। বার্সেলোনার জার্সিতে এবারের মৌসুমে তিনি নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারেন—এমন ইঙ্গিতই দিচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।