https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ কঠোরভাবে সীমিত করার ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতির বাস্তবায়ন স্থগিত করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। নীতিটি কার্যকর হওয়ার মাত্র একদিন আগে আদালতের এই আদেশ আসে।
ডিস্ট্রিক্ট জাজ ডেনিস সেইলর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির নতুন বিধিমালা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। তবে তিনি নীতিটির বৈধতা নিয়ে চূড়ান্ত কোনো রায় দেননি। আগামী ২ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
নতুন বিধিমালা অনুযায়ী, স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বিদেশিদের সর্বোচ্চ চার বছর থাকার অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এরপর দেশটিতে থাকতে হলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো। বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চলাকালীন যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান।
বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব ছিল। নতুন নিয়মে তাদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন বা প্রায় আট মাস নির্ধারণের কথা বলা হয়। প্রয়োজন হলে মেয়াদ বাড়ানোর আবেদন করা যেত। অথচ বর্তমান নিয়মে তারা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। চীনা সাংবাদিকদের জন্য প্রস্তাবিত মেয়াদ ছিল আরও কম—মাত্র ৯০ দিন; পরে তা আরও ৯০ দিন করে বাড়ানোর সুযোগ রাখার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের একটি জোট এই বিধিনিষেধের বিরুদ্ধে মামলা করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত নতুন নীতির বাস্তবায়নে সাময়িক নিষেধাজ্ঞা দেন।
আদালতের স্মারকলিপিতে বিচারক সেইলর নতুন নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থার আওতায় বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে এসে বিজ্ঞান, চিকিৎসা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা ও অবদান রেখেছেন। এর মাধ্যমে দেশটি অর্থনৈতিকভাবেও নানা সুফল পেয়েছে।
বিচারকের মতে, নতুন ব্যবস্থায় ভিসা নবায়নের ক্ষেত্রে ডিএইচএস কর্মকর্তাদের ব্যাপক ক্ষমতা দেওয়া হবে। সীমিত ও অস্পষ্ট মানদণ্ডের ভিত্তিতে কোনো বিদেশি শিক্ষার্থী, গবেষক বা শিক্ষকের ভিসা নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা সম্ভব হবে এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে না।
বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও একই ধরনের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। বিচারক বলেন, নতুন নিয়মে ভিসা নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকর প্রতিকার না থাকায় ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে মার্কিন সরকারের সমালোচনাকারী বিদেশি সাংবাদিকদের ভিসা নবায়ন না করার আশঙ্কা রয়েছে।
আদালতের এই অন্তর্বর্তীকালীন আদেশের ফলে আপাতত ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা বিধিনিষেধ কার্যকর হচ্ছে না। আগামী ২ অক্টোবরের শুনানিতে নীতিটির ভবিষ্যৎ নিয়ে আদালতের অবস্থান আরও স্পষ্ট হতে পারে।