রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রকল্পের কারিগরি কাজ দ্রুত এগিয়ে নিতে প্রায় ৪ হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন বলেও জানান তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সাক্ষাতে এসব তথ্য জানান রুশ রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ জোরদারে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন খোজিন। পাশাপাশি মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এফবিসিসিআই প্রশাসক তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিকসহ নতুন খাতে রাশিয়ার বাজারে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবসম্পদ রপ্তানির বিষয়েও আলোচনা হয়।
রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আইনি ও প্রক্রিয়াগত বিষয় পর্যালোচনা করছে। কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ থাকায় সাম্প্রতিক সময়ে প্রায় ৩ হাজার বাংলাদেশি কর্মীকে রাশিয়া ভিসা দিয়েছে বলেও জানান তিনি।
এদিকে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’-এ বাংলাদেশের একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানিয়েছেন। এফবিসিসিআই এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

মন্তব্য করুন