বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন ও দুই দেশের বিমান চলাচল ব্যবস্থায় সহযোগিতা বাড়াতে আলোচনা করেছে বাংলাদেশ ও ভারত। এ সময় ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট সংশোধন এবং বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের চার্জ মওকুফসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মন্ত্রীর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের কাজ করার আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। দুই প্রতিবেশী দেশের মধ্যে বিমান চলাচল আরও সহজ ও সম্প্রসারিত করতে ওপেন স্কাই পলিসি এবং বিদ্যমান এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট সংশোধনের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে চার্জ মওকুফের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। ভারতের নিজস্বভাবে তৈরি স্বল্প রানওয়েতে উড্ডয়ন ও অবতরণে সক্ষম উড়োজাহাজ বাংলাদেশের বিভিন্ন এয়ারস্ট্রিপে ব্যবহারের সম্ভাবনাও তুলে ধরেন ভারতীয় রাষ্ট্রদূত।

বৈঠকে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রেও দেশটির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

তিনি এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের মধ্যে বিমান চলাচল ও আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলেও বৈঠকে আলোচনা হয়।