নতুন আইনি কাঠামোর আওতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ইউনিটটির সব অভিযানিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন মহাপরিচালক আহসান হাবীব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি সদর দপ্তরে উপস্থিত সদস্যদের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এ সময় নতুন আইনের আলোকে ইউনিটের সব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

এ সময় আনুষ্ঠানিকভাবে এসআরবির কার্যক্রম শুরুর ঘোষণা দেন মহাপরিচালক। তিনি জানান, নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের কাজ চলছে। সরকারের অনুমোদন পাওয়ার পর শিগগিরই এসব পরিবর্তন কার্যকর করা হবে।

এসআরবির সদস্যদের ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান আহসান হাবীব। জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনে সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে নতুন আইনি কাঠামোর অধীনে ইউনিটটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।