দেশ-বিদেশ ভ্রমণের নানা সুযোগ, প্যাকেজ ও অফার নিয়ে রাজধানীতে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, সরকারি-বেসরকারি পর্যটন সংস্থার পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনের প্রতিনিধিরাও অংশ নেবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের মাধ্যমে র্যাফল ড্রতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। বিজয়ীদের জন্য সৌজন্য এয়ার টিকিট, দেশ-বিদেশ ভ্রমণ প্যাকেজ ও গিফট ভাউচার দেওয়ার ব্যবস্থা রয়েছে।
মেলার চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল জানান, বাংলাদেশের হাওর, সুন্দরবন, নৌ ও অ্যাডভেঞ্চার পর্যটনের পাশাপাশি ইকো ও কমিউনিটি ট্যুরিজমকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ তৈরিতেও মেলাটি ভূমিকা রাখবে।
মেলার বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ ও ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’। প্রতিদিন ব্যবসায়ীদের জন্য বিটুবি বৈঠক, সেমিনার, গন্তব্য পরিচিতি ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।
আজ বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন