ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে এ দাবি করেন। তাঁর ভাষ্য, হুথিদের তৈরি একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। বিমানটি মারিবে অবস্থানরত সৌদি সেনাদের সহায়তায় ‘শত্রুতাপূর্ণ অভিযান’ চালাচ্ছিল বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমাঞ্চলের হেলান পাহাড়ের কাছে বিমানটি ধ্বংস হয়েছে বলে হুথিরা দাবি করেছে।

তবে সৌদি আরব তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফলে ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হুথিদের মোকাবিলায় সৌদি আরব ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম। মঙ্গলবার অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হুথিদের বিষয়ে গোয়েন্দা তথ্য পেতে সৌদি আরব ইসরায়েলের সহায়তা চাইছে। এ যোগাযোগে যুক্তরাষ্ট্রের সেন্টকম মধ্যস্থতা করছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এই দাবিরও স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।