সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার আল-নুহুদ শহরের কাছে আল-জারা খনিতে একাধিক সংযুক্ত সুড়ঙ্গ ধসে এ দুর্ঘটনা ঘটে।
কর্দোফান অবজারভেটরির তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ক্ষুদ্র পরিসরে খনিতে কাজ করা শ্রমিক। ধসের পর আরও কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। দুর্ঘটনাস্থলে এখনো কোনো বিশেষায়িত উদ্ধারকারী দল পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দারা সাধারণ সরঞ্জাম ব্যবহার করে মাটি সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।
এলাকাটি নিয়ন্ত্রণকারী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৮২ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বেঁচে যাওয়া খনি শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা জানান, সহকর্মীদের সঙ্গে তিনি রাতভর নিজেদের সরঞ্জাম দিয়ে উদ্ধারকাজ চালিয়েছেন। তবে দ্রুত উদ্ধার তৎপরতার জন্য ভারী যন্ত্রপাতি প্রয়োজন বলে জানান তিনি।
স্থানীয় সূত্রগুলোর অভিযোগ, খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও উদ্ধার সরঞ্জাম না থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আফ্রিকার অন্যতম বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ সুদান। দেশটির স্বর্ণের একটি বড় অংশ পুরোনো ও অননুমোদিত খনি থেকে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে উত্তোলন করা হয়। ফলে খনি দুর্ঘটনার ঝুঁকিও দীর্ঘদিন ধরে বেশি।

মন্তব্য করুন