জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ের ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৭ কোটি ৭১ লাখ টাকা। ১২টি প্রকল্পের মধ্যে ৭টি নতুন এবং ৫টি সংশোধিত।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প রয়েছে অনুমোদিত তালিকায়। এর মধ্যে রয়েছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট—লাইন-৫ দক্ষিণ রুট, রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন এবং ঢাকা মেট্রোরেল লাইন-৫ উত্তর রুট ও লাইন-১-এর সংশোধিত প্রকল্প।
রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এগুলো হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্রাকশন চালু এবং বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপন ও খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো নির্মাণ, শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন, খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং মনপুরায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্প অনুমোদন হয়েছে।
এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্প পরিকল্পনামন্ত্রী নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন করেছেন। এসব প্রকল্প একনেক সভায় অবহিত করা হয়।




মন্তব্য করুন