ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সহজলভ্য পণ্য বিদেশ থেকে না আনার জন্য সংশ্লিষ্টদের সতর্কও করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন।
সভায় একনেকের সম্মানী নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দায়িত্বের অংশ হিসেবে সভায় অংশ নিতে হয়। তিনি নিজে নিয়মিত বিভিন্ন সভায় অংশ নিলেও কোনো সম্মানী নেন না উল্লেখ করে কর্মকর্তাদেরও এ ধরনের সম্মানী না নেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবেই কর্মকর্তাদের এসব সভায় অংশ নিতে হবে।
এ ছাড়া প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্ট পরিদর্শনের নামে কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ ধরনের বিদেশ সফর বন্ধ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সরকারি ব্যয়ে মিতব্যয়িতা নিশ্চিত করা, দেশীয় পণ্যের সর্বোচ্চ ব্যবহার এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানোর ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন