ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ২৬টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব হামলা চালানো হয়েছে বলে হুথি নেতাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হুথিদের দাবি, গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে সৌদি আরবের বিমান অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও রসদ সরবরাহের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার মাত্রা আরও বেড়েছে।
হুথি নেতারা আরও দাবি করেছেন, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে। তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গোষ্ঠীটি। ভিডিওটির সত্যতা ও যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করা হয়েছে।
হুথিদের দাবি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর রাতে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেয়। তবে প্রণালিটি পুরোপুরি হুথিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার দাবিটিরও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাব আল-মান্দাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার মধ্যে জ্বালানি ও পণ্য পরিবহনে এই প্রণালির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক নৌবাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন