লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে হামলার পর ইউরোপের ক্রেতাদের জন্য অক্টোবর মাসে অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরামকো। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের তেল সরবরাহের বড় অংশ দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ইউরোপের বিভিন্ন রিফাইনারিতে যায়। এসব চুক্তিতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহের নিশ্চয়তা থাকে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অক্টোবর মাসে ইউরোপের কোনো ক্রেতাই চুক্তিবদ্ধ সৌদি অপরিশোধিত তেল পাবে না।
এ বিষয়ে ব্লুমবার্গের মন্তব্যের অনুরোধে সৌদি আরামকো তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত সপ্তাহে হুতিদের ড্রোন হামলার পর সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দেয়। পাইপলাইনটি দেশটির তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কয়েক দিনের মধ্যে এর আংশিক কার্যক্রম শুরু হতে পারে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
ইউরোপের রিফাইনারিগুলো সাধারণত মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরির মাধ্যমে সৌদি অপরিশোধিত তেল সংগ্রহ করে। বন্দরটি একটি পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত।
সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সৌদি আরামকোর কিছু ইউরোপীয় ক্রেতা বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে। পোল্যান্ডের জ্বালানি কোম্পানি ওরলেন গত শুক্রবারের পর থেকে বিকল্প তেলের জন্য ১০টির বেশি দরপত্র আহ্বান করেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ওইসিডিভুক্ত ইউরোপীয় দেশগুলো সৌদি আরব থেকে প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে।

মন্তব্য করুন