কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে প্রবল স্রোতে ভেসে মোফাজ্জল ইমাম সীমান্ত (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টের অদূরে গ্রিন নেচার-সংলগ্ন নিচু বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমান্ত কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার বাসিন্দা। আট বন্ধুর সঙ্গে গত বুধবার তিনি কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শহরের একটি হোটেলে অবস্থান করছিলেন।
সৈকতকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সীমান্তসহ নয় বন্ধু সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় তারা ফুটবল নিয়ে খেলছিলেন। একপর্যায়ে বলটি সাগরের পানিতে ভেসে গেলে সেটি আনতে সীমান্তসহ তিন বন্ধু এগিয়ে যান। প্রবল স্রোতে তিনজনই ভেসে যেতে থাকেন।
খবর পেয়ে সৈকতকর্মী ও সি-সেইফ লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে জেটস্কির সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন সীমান্ত।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সীমান্তকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও সৈকতকর্মীরা যৌথভাবে অভিযান চালান। প্রায় আড়াই ঘণ্টা পর গ্রিন নেচার-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জীবিত উদ্ধার হওয়া দুই পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন