বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বর নয়, চাইলে কালই বাংলাদেশে আসতে পারেন। তাকে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে এবং দুই হাতকড়া নিয়ে তাকে রিসিভ করা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।
মন্ত্রী বলেন, বিগত সরকারের বিরুদ্ধে দেশের সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় যে বক্তব্য আসছে, তা নিয়েও মন্তব্য করেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন—এ ধরনের কথা বলে একটি মহলে উচ্ছ্বাস তৈরি করা হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আপনি ৩১ ডিসেম্বর কেন, কালই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’
মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিচার বাংলাদেশেই হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ যারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাদের দ্রুত বাংলাদেশে ফেরত দিতে প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা, জনগণের অর্থ লুটপাটসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন