যুক্তরাজ্যের পরিবহন বিভাগের (ডিএফটি) সাম্প্রতিক নিরাপত্তা নিরীক্ষায় বাংলাদেশের দুই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় উন্নতির চিত্র উঠে এসেছে। নিরীক্ষায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ স্কোর পেয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বেবিচক জানায়, গত বছর ডিএফটির মূল্যায়নে শাহজালাল বিমানবন্দর ৯৩ শতাংশ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ স্কোর পেয়েছিল। এক বছরের ব্যবধানে শাহজালালের স্কোর ১ শতাংশ পয়েন্ট এবং ওসমানীর ৪ শতাংশ পয়েন্ট বেড়েছে।
যুক্তরাজ্যগামী যাত্রী ও কার্গোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে ডিএফটি এই নিরীক্ষা পরিচালনা করে। এতে যাত্রী, কার্গো ও ডাক পরিবহনসহ বিমান চলাচলের নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, নিরাপত্তা ব্যবস্থার এই অগ্রগতির পেছনে বেবিচকের বিমান চলাচল নিরাপত্তা বিভাগ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে।
বেবিচক আরও জানিয়েছে, কার্গো নিরাপত্তার ক্ষেত্রেও শতভাগ পরিপালন অর্জিত হয়েছে। সংস্থাটির মতে, আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া সমন্বিত উদ্যোগের প্রতিফলন এই মূল্যায়নে পাওয়া ফলাফল।
বেবিচক বলছে, ডিএফটির মূল্যায়নে অগ্রগতি বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সূচক। একই সঙ্গে এ ধরনের অগ্রগতি যাত্রী, বিমান সংস্থা ও ব্যবসায়িক অংশীজনের আস্থা বাড়াতে সহায়ক হতে পারে।
২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের উচ্চঝুঁকির কার্গো ও ডাকব্যবস্থার আওতায় বাংলাদেশকে অতিরিক্ত নিরাপত্তা শর্তের মুখোমুখি হতে হচ্ছে। এসব বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরেছে বাংলাদেশ।

মন্তব্য করুন