যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক আলোচনায় নতুন করে অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়েছে। তিনি বৈঠকটিকে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেছেন।

নিউইয়র্কে সাংবাদিকদের ট্রাম্প বলেন, বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। খুব শিগগিরই ইরানের প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের যোগাযোগও অব্যাহত রয়েছে।

তবে বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় এবং যুদ্ধের অবসানের দাবি রয়েছে।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, কোনো চুক্তির মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে দুই দেশের প্রতিনিধিদের নিউইয়র্কে উপস্থিতি কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করেছে। তবে সামরিক উত্তেজনা কমানো বা বড় কোনো সমঝোতার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।