জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।
১৩টি প্রকল্পের মধ্যে ৮টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, আর্থিক খাত সহায়তা, বন্যা ও নদী ব্যবস্থাপনা, ভোলা সদর ও দৌলতখানকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, মাদারীপুর-শরীয়তপুর-রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প।
এ ছাড়া র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

মন্তব্য করুন