বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা এয়ারবাস কিনছি। ১০টি কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবরে চুক্তি হয়ে যাবে।
তবে নির্ধারিত সময়ে উড়োজাহাজ সরবরাহ পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এ কারণে নতুন উড়োজাহাজ কেনার পাশাপাশি বিকল্পভাবে বিভিন্ন উৎস থেকে উড়োজাহাজ সংগ্রহের বিষয়টিও বিবেচনা করছে সরকার।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে দুটি প্রায় গ্রাউন্ডেড হওয়ার অবস্থায় থাকায় কার্যকরভাবে প্রায় ১৭টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। আগামী কয়েক বছরে বহরের বেশ কয়েকটি উড়োজাহাজ পুরোনো হয়ে যাবে। ফলে বহর সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এর আগে করা ১৪টি উড়োজাহাজের চুক্তি মিলিয়ে বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের মোট চুক্তিবদ্ধ উড়োজাহাজের সংখ্যা ২৫টি।
চুক্তি অনুযায়ী, প্রথম বোয়িং উড়োজাহাজটি ২০৩১ সালে দেশে আসার কথা। এরপর পর্যায়ক্রমে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত উড়োজাহাজগুলো সরবরাহ করা হবে।
নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগ পর্যন্ত বহরের সক্ষমতা বাড়াতে লিজের মাধ্যমে অন্তত আরও ১০টি উড়োজাহাজ নেওয়ার প্রক্রিয়াও চলছে।

মন্তব্য করুন