চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে কনটেইনার ডেলিভারি বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। সোমবার বিকেল ৩টা থেকে বন্দর অভ্যন্তর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রয়েছে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কনটেইনার ডেলিভারি বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত পরিস্থিতির সমাধান হবে বলে আশা করছেন তিনি।
শ্রমিকদের অভিযোগ, বন্দর গেট দিয়ে প্রবেশের পাসের নির্ধারিত ফি ৫৭ টাকা হলেও ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এ নিয়ে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেন প্রতিবাদ করলে গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা ও পরে ধাক্কাধাক্কি হয়। শ্রমিকদের দাবি, পরে তাকে মারধর করা হয়।
ঘটনার প্রতিবাদে শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ করে দেন। গেটে শ্রমিকদের বিক্ষোভের কারণে অন্যান্য পণ্যবাহী যান চলাচলও বন্ধ হয়ে যায়।
সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ ছিল।


মন্তব্য করুন