মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই। তার একমাত্র পরিচয়, সে একজন অপরাধী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশ দেন আইজিপি।
সভায় আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক কারবার ও এর বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।
সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান কিশোর গ্যাংয়ের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকা এবং দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের যথাযথভাবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।
সভায় আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসহ বিভিন্ন মামলার পরিস্থিতি এবং মামলা তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা ও বিচারের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

মন্তব্য করুন