জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত অভিনন্দন প্রস্তাব অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জন্য ঐতিহাসিক ও বিশেষ মর্যাদাপূর্ণ। গত ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব বিশ্ব ইতিহাসে একটি অনন্য ঘটনা। এর আগে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেন।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও সভায় অংশ নেন। এর মধ্যে সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা তুলে ধরা হয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণেও এটি ভূমিকা রেখেছে। এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।


মন্তব্য করুন