ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ভারত আশাবাদী বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দুই দেশের সুবিধাজনক সময় বিবেচনা করেই হবে। সফরের দিন বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরু হবে। তাঁর ভাষায়, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সামগ্রিক পরিবেশ ইতিবাচক। দুই দেশের মানুষই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে। বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের খবরকে সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের অসম্পূর্ণ কাজ কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে সরকার আলোচনা করছে। তবে আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এ স্থান নিয়ে কিছু আলোচনা হলেও বর্তমান সরকার বিষয়টি নিয়ে ভিন্নভাবে কাজ করছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য।

মন্তব্য করুন