ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যুদ্ধ নিয়ে খুব শিগগিরই বড় ধরনের কিছু ঘটতে পারে।
বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো হবে, নাকি সামরিক অভিযান আরও জোরদার করা হবে।
ট্রাম্প বলেন, ‘হয় আমরা তাদের উড়িয়ে দেব, নয়তো কোনো চুক্তি করব।’ তিনি সতর্ক করে বলেন, সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং যেকোনো এক উপায়ে যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র দ্রুত এই যুদ্ধে জয়ী হতে যাচ্ছে। ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও আর কার্যকর অবস্থায় নেই।
হরমুজ প্রণালী নিয়েও বক্তব্য দেন ট্রাম্প। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর যুক্তরাষ্ট্রের প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। গত তিন দিনে হরমুজ প্রণালী দিয়ে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ তেল পরিবহন হয়েছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন